দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে মুখোমুখি বৈঠকের প্রস্তাবকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার কোনো বৈঠকের প্রয়োজন দেখছেন না।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার এক খোলা চিঠিতে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানান এবং যুদ্ধ থামাতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি করেন। চিঠিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মনোযোগের অপেক্ষায় বসে থাকা সঠিক নয়।
পুতিন এই চিঠিকে ‘অভদ্র’ বলে উল্লেখ করে বলেন, আগে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তি তৈরি করতে হবে, তারপরই বৈঠকের প্রশ্ন আসতে পারে। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে তিনি বলেন, ‘বর্তমানে বৈঠকের কোনো অর্থ দেখি না।’
তিনি আরও বলেন, ‘এটি কি মুখোমুখি বৈঠকের পরিবেশ তৈরি করার জন্য, নাকি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা—আমার মনে হয় দ্বিতীয়টি।’
পুতিনের বক্তব্যের পর জেলেনস্কি বলেন, রাশিয়া আবারও যুদ্ধ বেছে নিচ্ছে এবং অনেকেই পুতিনের এই অবস্থানকে হতাশাজনক হিসেবে দেখছেন।
রুশ প্রেসিডেন্ট পুনরায় দাবি করেন, যুদ্ধবিরতি হলে ইউক্রেন পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পাবে, তাই দীর্ঘমেয়াদি সমঝোতা ছাড়া কোনো বিরতি গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান শেষ হবে না। রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান অনুযায়ী, ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চল থেকে সরে যেতে হবে এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা ত্যাগ করতে হবে।
তবে কিয়েভ এসব শর্ত প্রত্যাখ্যান করে বলেছে, কোনো ধরনের ভূখণ্ড ছাড় দেওয়া ভবিষ্যতে আরও আগ্রাসনের পথ খুলে দেবে।
এদিকে ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের বিভিন্ন স্থানে অবৈধ কার্গো বহনকারী পাঁচটি জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি রুশ হামলায় ইউক্রেনে একদিনে অন্তত ১৩ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এমএস/